
ইউরোপীয় কমিশনের আন্তর্জাতিক বিষয়াবলি, রিটার্ন ও ভিসা বিভাগের ভিজিটিং ডিরেক্টর মি. হেনরিক নিলসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি দলের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বহুমাত্রিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ইইউর ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন এবং সাম্প্রতিক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
আলোচনায় অভিবাসন ও চলাচল (মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি) সহযোগিতা বিশেষ গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশের ‘শূন্য সহনশীলতা’ নীতি পুনর্ব্যক্ত করেন এবং নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি ইইউ ট্যালেন্ট পার্টনারশিপ উদ্যোগকে স্বাগত জানান এবং ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।
উভয় পক্ষ ইইউর আসন্ন অ্যাসাইলাম ও রিটার্ন বর্ডার প্রসিডিউর নিয়েও মতবিনিময় করেন। এ সময় অভিবাসন ও প্রত্যাবর্তন প্রক্রিয়ায় ঘনিষ্ঠ সমন্বয় ও নিয়মিত সংলাপের গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়া বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, বাংলাদেশ–ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), এলডিসি উত্তরণ, শিক্ষা, ক্রীড়া ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
রোহিঙ্গা ইস্যুতে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহায়তার আহ্বান জানান এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ–ইইউ সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার