
প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে এবং ১ জুলাই থেকে ভিসা ইস্যু করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর এটিই ছিল তার অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ঘোষণা।
হাইকমিশনার জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে। বর্তমানে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে অবস্থিত পাঁচটি ভিসা সেন্টার চালু থাকবে এবং পর্যায়ক্রমে আরও ভিসা কেন্দ্র সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, মেডিকেল ভিসাপ্রার্থীদের পাশাপাশি শিশু ও প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে, যাতে তারা সহজে ও দ্রুত সেবা গ্রহণ করতে পারেন।
এদিকে, ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা প্রদান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশি পর্যটক, চিকিৎসাপ্রার্থী এবং ব্যবসায়ীদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর এই সিদ্ধান্ত দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 




















