লাওসে চীনের নতুন একটি সামরিক স্থাপনায় যুদ্ধবিমান মোতায়েনের চিত্র স্যাটেলাইটে ধরা পড়েছে। বাণিজ্যিক স্যাটেলাইট সেবাদাতা প্রতিষ্ঠান ভ্যান্টরের প্রকাশিত ছবিতে রাজধানী ভিয়েনতিয়ানের কাছে ‘বান কুন’ বিমানবন্দরে চীনা যুদ্ধবিমানের উপস্থিতি দেখা গেছে।
স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরের রানওয়ের পাশে আটটি হালকা যুদ্ধবিমান এবং সারিবদ্ধভাবে রাখা এক ডজনের বেশি সামরিক যান দেখা যায়। স্থাপনাটি গত সপ্তাহে চালু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রানওয়ের নির্মাণকাজ অবশ্য এখনো পুরোপুরি শেষ হয়নি।
ছবিতে থাকা বিমানগুলোর আকৃতি চীনের তৈরি ‘হংদু জেএল-৮’ জেটের সঙ্গে মিলে যায়। এটি মূলত দুই আসনের প্রশিক্ষণ বিমান হলেও বোমা বহনের সক্ষমতার কারণে প্রয়োজনে যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা যায়। লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) তথ্য অনুযায়ী, লাওসের কাছে এ ধরনের চারটি বিমান রয়েছে।
৩০ সেপ্টেম্বর ধারণ করা স্যাটেলাইট ছবিতে রানওয়ের চারপাশে ব্যাপক নির্মাণকাজও দেখা গেছে। এর এক দিন আগে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিয়েনতিয়ানের কাছাকাছি বান কুন এলাকায় সামরিক কেন্দ্রটি স্থাপনের ঘোষণা দেয়।
লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত বান কুন বিমানবন্দরটি গত এক বছরে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। কয়েক মাস আগের স্যাটেলাইট ছবিতে সেখানে কৃষিজমি ও মাটির রাস্তা দেখা গেলেও সাম্প্রতিক ছবিতে নতুন ভবন ও পাকা রানওয়ে দৃশ্যমান হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই স্থাপনা দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডে চীনের বিমানবাহিনীর জন্য দেশের বাইরে প্রথম সামরিক ঘাঁটি বা স্থায়ী অবস্থানের সুযোগ তৈরি করতে পারে। এটি বিদেশে চীনের সামরিক উপস্থিতি সম্প্রসারণের সাম্প্রতিক পদক্ষেপগুলোর একটি হিসেবেও দেখা হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















