আগামী পাঁচ বছরে দেশের চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার। এর আওতায় বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন, ১ কোটি চশমা বিতরণ এবং প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আইএনজিও ফোরাম ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের (এনআইওঅ্যান্ডএইচ) যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে এই অর্থ বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ, চক্ষু সেবার অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে চক্ষু স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করা হবে।
স্কুলশিক্ষার্থীদেরও এ কর্মসূচির আওতায় আনার কথা জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা, প্রয়োজনীয় চশমা প্রদানসহ অন্যান্য চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদির। এছাড়া আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ওএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন) এবং ওএসবির প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















