বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে ইন্দোনেশিয়া। একই সঙ্গে সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী আনিস মাত্তা। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম দুই দেশের বাণিজ্য আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ইন্দোনেশিয়াকে বাংলাদেশি পণ্য বেশি আমদানির আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি।
প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে আনিস মাত্তা বলেন, প্রচলিত বাণিজ্যিক সম্পর্কের বাইরে গিয়ে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ইন্দোনেশিয়া।
যোগাযোগব্যবস্থা জোরদারের অংশ হিসেবে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানান আনিস মাত্তা। সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখতে চান তিনি।
এ ছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম।
শিক্ষা ও প্রশিক্ষণ খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের পড়াশোনার সুযোগ তৈরির বিষয়টি বিবেচনার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
প্রতিবেদকের নাম 






















