ঢাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার ও উন্নয়ন বিষয়ে জনসচেতনতা বাড়াতে একটি র্যালির আয়োজন করা হয়েছে। ‘এআই-এর অপব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি’ শীর্ষক এই আয়োজনটি যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক কমিউনিটি প্ল্যাটফর্ম The AI Collective-এর স্থানীয় শাখা আয়োজন করে।
শনিবার (৬ জুন) অনুষ্ঠিত এই র্যালিটি বৈশ্বিক উদ্যোগ “হিউম্যানস ইন এআই উইক”-এর অংশ, যা ১ থেকে ৭ জুন পর্যন্ত বিশ্বের ৫০টি দেশের ২০০টিরও বেশি শহরে একযোগে পালিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল—এআই যুগে মানুষ কীভাবে প্রযুক্তিকে গ্রহণ, ব্যবহার ও দায়িত্বশীলভাবে পরিচালনা করবে সে বিষয়ে সচেতনতা তৈরি করা।
র্যালিতে অংশ নেন শিক্ষার্থী, প্রযুক্তি পেশাজীবী, প্রকৌশলী, ব্যাংকার, উদ্যোক্তা ও এআই সংশ্লিষ্ট অনুশীলনকারীরা। অংশগ্রহণকারীরা শিক্ষাক্ষেত্রে এআই-এর অপব্যবহার, ভুয়া তথ্যের বিস্তার, চাকরির বাজারে প্রভাব এবং অতিনির্ভরতার মতো বিভিন্ন ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
র্যালিতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে এআই ব্যবহারে সতর্কতা, নৈতিকতা ও মানবকেন্দ্রিক উন্নয়নের বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা বলেন, এআই প্রযুক্তির উন্নয়ন অবশ্যই নৈতিক ও দায়িত্বশীলভাবে হওয়া উচিত, যাতে এর সুফল সমাজের সব স্তরে পৌঁছায় এবং অপব্যবহার রোধ করা যায়। শান্তিপূর্ণ এই র্যালিটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে গিয়ে শেষ হয়।
প্রতিবেদকের নাম 

























