
ইসলামী জ্ঞানচর্চা, গবেষণা ও মুসলিম উম্মাহর কল্যাণে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরক্কোর প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ ড. আহমেদ আল-রায়সুনিকে ১৪৪৮ হিজরি ইসলামিক ইয়ার পুরস্কারে সম্মানিত করেছে মালয়েশিয়া। ইসলামী নববর্ষ উপলক্ষে প্রদত্ত এই মর্যাদাপূর্ণ সম্মাননা ড. আল-রায়সুনির বর্ণাঢ্য পাণ্ডিত্যপূর্ণ জীবনের এক উজ্জ্বল স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে ইসলামী আইনশাস্ত্র, মাকাসিদুশ-শরিয়াহ (ইসলামী আইনের উদ্দেশ্য), ইসলামী চিন্তার নবায়ন এবং সমসাময়িক মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গবেষণা, লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিয়ে আসছেন।
খ্যাতিমান এই আলেম তাঁর অসংখ্য গ্রন্থ, গবেষণাপত্র, বক্তৃতা এবং আন্তর্জাতিক ফোরামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমকালীন ইসলামী চিন্তাধারাকে সমৃদ্ধ করেছেন। বিশেষ করে মাকাসিদভিত্তিক ইসলামী আইনচর্চার ক্ষেত্রে তাঁর অবদান বিশ্বজুড়ে সমাদৃত।
মালয়েশিয়ার ইসলামিক ইয়ার পুরস্কার দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা। প্রতি বছর ইসলামী নববর্ষ উপলক্ষে এমন ব্যক্তিত্বদের এই পুরস্কারে ভূষিত করা হয়, যারা ইসলাম, মুসলিম সমাজ এবং মানবকল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। একই সঙ্গে মহানবী (সা.)-এর হিজরতের মাধ্যমে প্রতিষ্ঠিত নৈতিকতা, ত্যাগ, নেতৃত্ব ও সভ্যতার মূল্যবোধকে সমাজে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এই সম্মাননা উপলক্ষে আন্তর্জাতিক মুসলিম স্কলার ইউনিয়ন সন্তোষ প্রকাশ করে বলেন, ড. আল-রায়সুনির এই স্বীকৃতি জ্ঞান, গবেষণা এবং মুসলিম উম্মাহকে সঠিক পথনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে আলেমদের অপরিহার্য ভূমিকারও স্বীকৃতি। সম্মাননা অনুষ্ঠানের এক পর্যায়ে আন্তর্জাতিক মুসলিম আলেম ইউনিয়নের বর্তমান সভাপতি আলি মহিউদ্দিন আল-কারাদাঘি ড. আল-রায়সুনির হাতে একটি বিশেষ অভিনন্দনপত্র তুলে দেন। তিনি তাঁর বক্তব্যে ড. আল-রায়সুনির দীর্ঘ জ্ঞানগর্ব ও বুদ্ধিবৃত্তিক যাত্রার ভূয়সী প্রশংসা করেন এবং ইসলামী আইন, মাকাসিদুশ-শরিয়াহ ও মুসলিম উম্মাহর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর অবদানকে যুগান্তকারী বলে উল্লেখ করেন।
ড. আহমেদ আল-রায়সুনিকে প্রদত্ত এই সম্মাননা প্রমাণ করে যে ইসলামী বিশ্বের উন্নয়ন ও পুনর্জাগরণে জ্ঞান, গবেষণা এবং প্রজ্ঞার মূল্য আজও অপরিসীম। মালয়েশিয়ার এই উদ্যোগ শুধু একজন প্রখ্যাত আলেমকে সম্মানিত করেনি; বরং বিশ্বব্যাপী জ্ঞানচর্চা ও ইসলামী বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের গুরুত্বকেও নতুনভাবে তুলে ধরেছে। জ্ঞান ও প্রজ্ঞার আলোয় আলোকিত এই সম্মাননা নিঃসন্দেহে মুসলিম বিশ্বের গবেষক, আলেম এবং চিন্তাবিদদের জন্য এক অনুপ্রেরণাদায়ক বার্তা হয়ে থাকবে।
Arif 




















