বিশেষ সংবর্ধনার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপহারের পরিকল্পনা
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছেন, তাদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেবেন। এ ছাড়া কৃতী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি জানান, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করতেই সরকারের পক্ষ থেকে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষায় বাজেট বাড়ানোর পরিকল্পনা
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এ বছর শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তার ভাষায়, শিক্ষায় এত বড় বিনিয়োগ অতীতে কোনো সরকার করেনি।
ছাত্রীদের জন্য ‘পিংক সাইকেল’
এদিকে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের শিক্ষায় আরও উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ বা গোলাপি সাইকেল দেওয়ার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী উপহার দেওয়ার কথা বলেছেন। এর অংশ হিসেবে ছাত্রীদের গোলাপি সাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রীর মতে, শিক্ষার্থীদের জন্য এমন প্রণোদনা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।
প্রতিবেদকের নাম 




















