
গাজীপুরে শ্রমিক আন্দোলনের প্রভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এখন এক ভয়াবহ বাস সংকটে। সকাল থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন। অফিসে সময়মতো পৌঁছানোর স্বপ্ন প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
গাজীপুরা, কলেজ গেট, চেরাগ আলী, মিল গেট, টঙ্গী, আব্দুল্লাহপুরসহ সড়কের বিভিন্ন পয়েন্টে ঢাকাগামী বাসের সংখ্যা চোখে পড়ার মতো কম। যে কয়েকটি বাস আসছে, সেগুলো যাত্রীতে ঠাসা। থামার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি শুরু হচ্ছে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও উঠতে পারছেন না।
কলেজ গেটে সকাল সাড়ে আটটা থেকে অপেক্ষমাণ রবিউল ইসলাম বলেন,
“দু-একটি বাস এলেও ভেতরে তিল ধারণের জায়গা নেই। চেষ্টা করেও ওঠা যাচ্ছে না। অফিসে সময়মতো পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় আছি। গত কয়েক দিন ধরে এই ভোগান্তি চলছে।”
সাইফুল ইসলামও একই কথা জানান। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে গাদাগাদি করে উঠছেন, আবার অনেকে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন।
শ্রমিকরা বোর্ডবাজার, বাইপাসসহ বিভিন্ন এলাকায় সড়কে নামায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ৩১ অক্টোবর থেকে চলা এই আন্দোলনে ইতোমধ্যে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সড়কে বাস নেই, অফিসে পৌঁছানো যাচ্ছে না—এমন বাস্তবতায় সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে।
প্রতিবেদকের নাম 



















