হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে ৯০টি ই-সিগারেট বা ভেপ, স্বর্ণালংকার, সিগারেটসহ প্রায় ৩২ লাখ টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গত ৬ ও ৭ নভেম্বর এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯০টি ভেপ, ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।
রোববার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, ৬ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকায় আসেন সুলতানা রাজিয়া নামের এক যাত্রী। বিমানবন্দরে তাঁর ব্যাগেজ স্ক্যানিং ও তল্লাশি করে ৯০টি ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, ওই যাত্রীর পাসপোর্টে চলতি বছরের ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার তথ্য ছিল। ব্যাগেজসংক্রান্ত নিয়ম অনুযায়ী, একই বছরে দ্বিতীয়বার স্বর্ণালংকার নিয়ে আসায় সেগুলো জব্দ করা হয়।
এদিকে, ৭ নভেম্বর কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দেশের আইনে নিষিদ্ধ পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 






















