সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কেবেমে উপকূলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এক বিবৃতিতে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রপতি ও সরকারের পক্ষ থেকে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মানবপাচার চক্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ সমস্যা সমাধানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও কাজ করবে সেনেগাল সরকার।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইউরোপে যাওয়ার জন্য পশ্চিম আফ্রিকার অভিবাসীদের কাছে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও অন্যতম প্রধান রুট।
সংস্থাটি জানায়, সেনেগাল, মরক্কো ও মৌরিতানিয়ার প্রচলিত অভিবাসন-প্রস্থান পয়েন্টগুলোতে নজরদারি ও কড়াকড়ি বাড়ায় অনেকে গাম্বিয়ার মতো দেশগুলোর দিকে দক্ষিণের পথ বেছে নিচ্ছেন।
আইওএমের তথ্য অনুযায়ী, বিকল্প এসব প্রস্থান পয়েন্ট ব্যবহারের কারণে যাত্রাপথ প্রায় ৭৫০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। এতে সমুদ্রযাত্রার দূরত্ব প্রায় ২ হাজার ২০০ কিলোমিটারে পৌঁছায়। ফলে অভিবাসীদের দীর্ঘ সময় সমুদ্রে থাকতে হয় এবং কম নজরদারিপূর্ণ উপকূলীয় এলাকায় নৌকাডুবি, পানিশূন্যতা ও নিখোঁজ হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
প্রতিবেদকের নাম 


























