মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, যৌন সহিংসতা ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালের সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষ হত্যার শিকার হয়েছেন বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণা শুরু হয়। স্থানীয় সময় সকাল ১০টার দিকে রায় পড়া শুরু করেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।
রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে আদালত জানায়, কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের মাধ্যমে তাদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। সেনাবাহিনীর মদদে ছড়ানো বিদ্বেষমূলক বক্তব্যও রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৭ সালের অভিযানে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করা হয়। এ ছাড়া ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নৃশংস নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনা ঘটে।
বিচারক ইয়াসাওয়া ইয়ুজি বলেন, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালে দেশটির নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
তিনি আরও বলেন, রাখাইনের বিভিন্ন এলাকায় নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে আটক ও মৃত্যুদণ্ড কার্যকর, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের ঘরবাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের প্রমাণ পেয়েছে আদালত।
বিচারকের ভাষ্য অনুযায়ী, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের ওপর চরম নির্যাতন চালিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। বাংলাদেশে পালিয়ে আসার পথেও বিপুলসংখ্যক রোহিঙ্গা হামলার শিকার হয়েছেন।
একই সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং গ্রামে অগ্নিসংযোগের ঘটনাও আদালতের পর্যবেক্ষণে তুলে ধরেন বিচারক।
প্রতিবেদকের নাম 


























