ইরানের হাতে দেড় হাজার থেকে আড়াই হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। পাশাপাশি দেশটি প্রতি মাসে আরও ৫০টি করে ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা।
শনিবার (১৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উপসাগরীয় অঞ্চলে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার কয়েক ঘণ্টা আগে প্রতিবেদনটি প্রকাশিত হয়।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের অস্ত্রভাণ্ডারের সঠিক হিসাব রাখা কঠিন হওয়ায় ক্ষেপণাস্ত্রের সংখ্যা পুরোপুরি নিশ্চিত নয়। তবে ইরানের হাতে এখনো বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে, তা নিয়ে সন্দেহ নেই।
ইরানের বড় অস্ত্রভাণ্ডারের বিষয়টি বিবেচনায় রেখে দেশটিতে হামলা চালানো হবে কি না, তা নিয়ে ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
ইসরায়েলি কর্মকর্তারাও মনে করেন, তেহরানের হাতে দেড় হাজারের বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অস্ত্রাগার ও উৎপাদন কারখানার ক্ষতি হলেও দেশটির অস্ত্র উৎপাদন থেমে নেই।
ওয়াল স্ট্রিট জার্নালকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, ‘তারা আবার ঘুরে দাঁড়াচ্ছে, নতুন করে অস্ত্র জমা করছে।’
মাটির নিচে নতুন ক্ষেপণাস্ত্র শহর
গত সপ্তাহে ইরান মাটির নিচে একটি নতুন ক্ষেপণাস্ত্র শহর প্রদর্শন করেছে।
এ সময় এক পশ্চিমা কর্মকর্তা ব্লুমবার্গকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের প্রচলিত সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়েছে। তারপরও দেশটির হাতে অন্তত ১ হাজার ৭০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। পাশাপাশি প্রতি মাসে আরও ৫০টি করে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান।
প্রতিবেদকের নাম 


























