পাকিস্তানের করাচিতে অবস্থিত ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচির দাওরায়ে হাদিস বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী নুরুল আমিন উসামা (উসামা বিন আফজাল)। একই সঙ্গে পুরো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত মেধাতালিকায় তৃতীয় হয়েছেন তিনি।
সম্প্রতি মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন উসামা। দাওরায়ে হাদিস বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থীর মধ্যে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।
পুরস্কার হিসেবে উসামাকে দেওয়া হয়েছে বিভিন্ন মূল্যবান কিতাব, নগদ অর্থ, এক সেট পোশাক এবং তিন মাসের জন্য দ্বিগুণ মাসিক ভাতা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপহার হিসেবে দেওয়া কিতাবগুলোর মূল্য প্রায় ২৫ হাজার পাকিস্তানি রুপি। নগদ অর্থ ও অন্যান্য উপহার মিলিয়ে পুরস্কারের মোট মূল্য ৩০ হাজার টাকার বেশি।
উসামার শিক্ষাজীবন
নুরুল আমিন উসামার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঝাটিয়াপাড়া গ্রামে। তিনি পবিত্র কোরআনের হাফেজ। তাঁর বাবা মাওলানা আফজালুর রহমান ফেনীর দারুল উলুম শর্শদির শাইখুল হাদিস ও সদর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশে শিক্ষাজীবনে উসামা ঢাকার জামিয়াতুল উলূমিল ইসলামিয়া মুহাম্মদপুর থেকে তাকমিল সম্পন্ন করেন। আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদিসের বোর্ড পরীক্ষায় সারা দেশের মেধাতালিকায় নবম স্থান অর্জন করেন তিনি। এ ছাড়া আহমাদ’স এডুকেশন থেকে ডিপ্লোমা ইন ইংলিশ কোর্স সম্পন্ন করেছেন।
চলতি বছর উচ্চতর ইসলামি শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে পাকিস্তানে গিয়ে জামিয়া দারুল উলুম করাচিতে দাওরায়ে হাদিসে ভর্তি হন উসামা। প্রতিষ্ঠানটিতে এটি তাঁর প্রথম শিক্ষাবর্ষ। আগামী বছর একই প্রতিষ্ঠানে তিন বছর মেয়াদি তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (ইসলামি আইন ও ফতোয়াবিষয়ক উচ্চতর বিশেষায়িত শিক্ষা) সম্পন্ন করার ইচ্ছা রয়েছে তাঁর।
প্রতিষ্ঠানের পরিচিতি
প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ শফি ও নূর আহমদের উদ্যোগে ১৯৫১ সালের জুন মাসে জামিয়া দারুল উলুম করাচি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৫৭ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠানটি করাচির কোরাঙ্গি এলাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে এটি পাকিস্তানের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিভাগে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্বের ৫০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা এখানে হাদিস, ফিকহ, ইসলামি আইন ও ইসলামি অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করছেন।
প্রতিবেদকের নাম 


























