ভারতের বিহারে ছট পূজার জন্য সাজিয়ে রাখা প্রসাদ খাওয়ায় নিজের চার বছর বয়সী মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রিনা কুমারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, রোববার ছট পূজার জন্য প্রসাদ সাজাচ্ছিলেন রিনা কুমারি। এ সময় পরিবারের অন্য সদস্যরা পূজার আয়োজনের প্রস্তুতি নিতে পার্শ্ববর্তী ঘাটে যান। তখন চার বছর বয়সী সুহানী কুমারি সাজিয়ে রাখা প্রসাদ থেকে একটি খাবার খেয়ে ফেলে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মেয়েকে ব্যাপক মারধর করেন রিনা। মারধরের পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান মা। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা রাজু পাসান জানান, পরিবারের সদস্যরা ছট পূজার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। বাড়ির অন্যরা ঘাটে চলে গেলেও রিনা বাড়িতে প্রসাদ তৈরির কাজ করছিলেন।
মেয়ের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করে রাজু পাসান বলেন, “আমাদের মেয়ে আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের পরিবার থেকে পূজার আনন্দ চলে গেছে। আমি আমার স্ত্রীর কঠোর বিচার চাই। তাকে আর আমার জীবনে প্রয়োজন নেই। বাকি সন্তানদের আমিই বড় করব।”
এ দম্পতির তিন সন্তান রয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় রিনা কুমারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
প্রতিবেদকের নাম 
























