বলিউডে কাজ করতে গিয়ে অন্যের সঙ্গে নিজের তুলনা এবং ক্যারিয়ারের অগ্রগতি নিয়ে ভাবনা অনেক সময় শিল্পীদের মধ্যে অনিরাপত্তাবোধ তৈরি করে। চলচ্চিত্রশিল্পের এমন প্রতিযোগিতামূলক পরিবেশের অভিজ্ঞতার কথা জানিয়েছেন নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। তাঁর মতে, এই ইন্ডাস্ট্রি মানুষকে নিজের সম্পর্কে অনিরাপদ করে তোলে। প্রথম সিনেমা নির্মাণের আগেও তাঁকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির পডকাস্টে অতিথি হয়ে এসব কথা বলেন ফারাহ। সেখানে তাঁর জনপ্রিয় ইউটিউব চ্যানেল, বলিউডের প্রতিযোগিতামূলক পরিবেশ এবং ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।
২০২৪ সালে নিজের রাঁধুনি দিলীপকে সঙ্গে নিয়ে ইউটিউব চ্যানেল শুরু করেন ফারাহ। শুরুতে এটি দীর্ঘদিন চালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না তাঁর। পরবর্তী সিনেমার চিত্রনাট্য শেষ করার পর হাতে কিছুটা অবসর সময় ছিল। সেই সময়ের অস্থিরতা কাটাতেই ইউটিউবে কাজ শুরু করেন তিনি।
ফারাহ বলেন, “এই ইন্ডাস্ট্রি মানুষকে নিরাপত্তাহীনতায় ভোগায়। কারণ, এখানে সব সময় একজনের সঙ্গে আরেকজনের তুলনা চলে। কোন অভিনেতা কোন সিনেমা করছেন, কে কী করছেন—এসব নিয়ে ভাবতে হয়। নিজের প্রথম সিনেমা বানানোর সময়ও আমি এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি।”
তিনি আরও জানান, ৫০ বছর বয়সে এসে এসব প্রতিযোগিতা থেকে কিছুটা দূরে থাকার সিদ্ধান্ত নেন। নিজের মতো করে সুখী জীবন কাটানোই ছিল তাঁর লক্ষ্য।
ফারাহর ইউটিউব চ্যানেলে বর্তমানে ৩০ লাখের বেশি অনুসারী রয়েছে। তারকাদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে রান্না করা, বাড়ির অন্দরমহল ঘুরে দেখানো এবং খাবারের টেবিলে আড্ডা দেওয়ার বিষয়গুলোই এসব ভিডিওর মূল আকর্ষণ। বিশেষ করে রাঁধুনি দিলীপের সঙ্গে ফারাহর মজার কথোপকথন দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
২০০৪ সালে শাহরুখ খান ও সুস্মিতা সেন অভিনীত ‘ম্যায় হুঁ না’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় ফারাহর। এরপর তিনি নির্মাণ করেন ‘ওম শান্তি ওম’, ‘তিস মার খান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’।
প্রতিবেদকের নাম 























