অভিনয়, মাতৃত্ব ও ব্যবসা সামলে নিজের মতো করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ে তার বর্তমান ব্যস্ততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা থাকলেও নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে এ বিষয়ে কথা বলেছেন তিনি। পাশাপাশি দেশের বাইরে বড় তারকাদের কাজের ধরন অনুসরণের পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।
নিজের কাজ ও ব্যস্ততা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘অভিনেত্রীদের কাজ নেই—অপু বিশ্বাস বাংলাদেশে কাজ করেছেন কি না, তার প্রমাণ তো আপনারাই। আমি আশা করব, আপনারা আমার হয়ে দু-একটি ভিডিও প্রকাশ করবেন। আমি এখন সন্তানের মা। পাশাপাশি একজন ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আরও ভালো ব্যবসা করার লক্ষ্য রয়েছে।’
কথার একপর্যায়ে বলিউডের কয়েকজন তারকার উদাহরণ টানেন অপু বিশ্বাস। তার মতে, একজন শিল্পীকে নির্দিষ্ট গণ্ডিতে আটকে না থেকে কাজের পরিধি বাড়ানোর দিকে মনোযোগী হতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন মানুষ সারা বছর একই জায়গায় থাকেন না। যেমন শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই কিংবা আমাদের সবার স্বপ্নের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও এক জায়গায় থেমে নেই। বিশ্বের বড় বড় দেশগুলোর দিকে আমাদের তাকানো উচিত।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘এক জায়গায় বসে থাকলে তো হবে না। যারা এসব কথা বলেন, তাদের বলবেন বড় দেশগুলোর উদাহরণ অনুসরণ করতে। একজন অভিনেতা বা অভিনেত্রী কাজ করার পর তাদের অর্জন কী, তারা কোথায় গিয়ে কী করছেন—সেসব বিষয়ও দেখতে হবে।’
প্রতিবেদকের নাম 

























