সারা দেশে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে আগামী তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকায় চলাচলের জন্য ২০০টি বাস বরাদ্দের পরিকল্পনা রয়েছে। বাকি বাসগুলো রাজধানীর বাইরের বিভিন্ন রুটে পরিচালিত হবে।
সরকারের এই পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গণপরিবহন সেবার মান উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ঢাকার জন্য প্রাথমিকভাবে ২০০টি বৈদ্যুতিক বাসের বহর গড়ে তোলা হবে।
প্রথম পর্যায়ে ৫০টি বাস আসার কথা রয়েছে। এরপর আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসবে বলে আশা করা হচ্ছে।
পরিকল্পিত বাসগুলোর মধ্যে ৫০টি হবে গোলাপি রঙের। এসব বাস শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, ৫০টি লাল রঙের বাস সাধারণ সার্ভিসে চলবে, যেখানে নারী ও পুরুষ উভয় যাত্রী চলাচল করতে পারবেন।
বাসগুলোর আকারেও পার্থক্য থাকবে। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসগুলোর দৈর্ঘ্য হবে ৯ মিটার। আর লাল রঙের সাধারণ বাসগুলোর দৈর্ঘ্য হবে ১২ মিটার।
বৈদ্যুতিক বাসগুলোর নির্বিঘ্ন পরিচালনা নিশ্চিত করতে ঢাকায় রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি সুবিধার জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে সরকারের। তবে বাসগুলোর আসনসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। বাসের আকার ও অভ্যন্তরীণ বিন্যাসের ওপর ভিত্তি করে আসনসংখ্যা নির্ধারণ করা হবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো, বায়ুদূষণ হ্রাস করা এবং ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে টেকসই ও যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।
নারী চালকদের প্রশিক্ষণ দেবে বিআরটিসি
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন রুটে পিংক বাস চালু করা হয়েছে। এসব বাস পরিচালনার জন্য নারী চালক তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম বলেন, হালকা যানবাহন চালানোর লাইসেন্সধারী নারী চালকদের ভারী যানবাহন চালানোর উপযোগী করে তুলতে শিগগিরই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের সম্পূর্ণ বিনা মূল্যে এক থেকে চার মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বলেন, ‘নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিআরটিসি ইতোমধ্যে নারীদের জন্য নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করেছে। আরও উন্নত সেবা সম্প্রসারণের লক্ষ্যে আমরা নারীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ইভি পিংক বাস সার্ভিস চালু করতে যাচ্ছি।’
ফাতিমা বেগম জানান, পিংক বাস সার্ভিস চালুর পর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এ সেবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না; বরং মহানগরীসহ সারা দেশে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, এখন রক্ষণশীল পরিবারের সদস্যরাও তাঁদের পরিবারের নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন। এর ফলে নারীরা দক্ষ চালক হিসেবে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
দক্ষ চালক তৈরিতে বিশেষ প্রশিক্ষণ
সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনা। এ লক্ষ্য অর্জনে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বিআরটিসি বিশেষ করে তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক হিসেবে গড়ে তুলছে।
ফাতিমা বেগম জানান, প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা দেশে ও বিদেশে মর্যাদাপূর্ণ পদে সম্মানজনক বেতনে চাকরির সুযোগ পাবেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রোড সেফটি প্রকল্প এবং এডিবির অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)—এই দুটি পৃথক প্রকল্পের আওতায় বিআরটিসি নতুন চালকদের বিনা মূল্যে হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ দিচ্ছে।
প্রকল্প দুটির মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এসব প্রকল্পের আওতায় উল্লেখযোগ্যসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
ফাতিমা বেগম আরও উল্লেখ করেন, বিভিন্ন জরিপে দেখা গেছে, নারী চালকেরা পুরুষ চালকদের তুলনায় বেশি সতর্কতার সঙ্গে গাড়ি চালান। তিনি বলেন, ‘বাংলাদেশের মতো পুরুষতান্ত্রিক মানসিকতাপ্রধান সমাজে নারী চালক ও সহকারী দ্বারা পরিচালিত গণপরিবহনে নারী যাত্রীরা বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার পিংক বাস সার্ভিস চালু করেছে এবং ভবিষ্যতে এ সেবা আরও সম্প্রসারণ করা হবে।’
প্রশিক্ষণ শেষে নিয়োগের সুযোগ
নারী চালকদের নতুন প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান বলেন, প্রশিক্ষণ শেষে যারা সফলভাবে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হবেন, তাঁদের প্রয়োজন অনুযায়ী এবং করপোরেশনের বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান অনুসরণ করে দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
ভবিষ্যতে বিআরটিসিতে স্থায়ী চালকের পদে নিয়োগের ক্ষেত্রেও এসব প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এ জন্য তাঁদের আনুষ্ঠানিক নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিয়ে সংশ্লিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
প্রতিবেদকের নাম 





















