যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশে ব্যাপক মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
তিনি বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশে বিপুল পরিমাণ মার্কিন বিনিয়োগ আসবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘আনন্দের সঙ্গে অবহিত করছি, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।’
এই অর্জনের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, ডিএফসির অর্থায়নের পথ সুগম হওয়ায় আগামী দিনে বাংলাদেশের বড় প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসা সহজ হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগের প্রবাহ বাড়বে।
মাহ্দী আমিন আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের এই বিনিয়োগ সুবিধা কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত হবে এবং কর্মসংস্থান সৃষ্টি সহজ হবে।
ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনকে বর্তমান গণতান্ত্রিক সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের প্রতি বৈশ্বিক আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন তিনি।
মাহ্দী আমিন বলেন, অতীতে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। এ কারণেই এর আগে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন বাংলাদেশে আসেনি অথবা দীর্ঘদিন বন্ধ ছিল।
তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতি ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও স্বনির্ভর হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতি গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলেই যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন সম্ভব হয়েছে।
তিনি বলেন, নতুন শ্রম আইনের মাধ্যমে সরকার শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। সরকারের এসব পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জন্য অর্থায়নের সুযোগ তৈরি করেছে।
বিনিয়োগ প্রক্রিয়া সম্পর্কে মাহ্দী আমিন জানান, ডিএফসির তহবিলের আওতায় প্রতিটি প্রকল্প ‘কেস টু কেস’ ভিত্তিতে বিবেচনা করা হবে। তাঁর মতে, এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনার ক্ষেত্রে ব্যাপক সুযোগ তৈরি হয়েছে।
প্রতিবেদকের নাম 
























