আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ সময় তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি জানান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এ সফরের আয়োজন করা হচ্ছে। এ ক্ষেত্রে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।
সফরকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের মধ্য দিয়ে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসাসুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠান দুটির কার্যক্রম সচল করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জেলায় শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রতিবেদকের নাম 





















