জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে আসা একদল লোক এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
জি এম কাদেরের ভাষ্য অনুযায়ী, মিছিলকারীরা তাঁর বাসার সামনে এসে হইচই শুরু করেন এবং তাঁকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন। বাসার প্রধান ফটক বন্ধ থাকায় তাঁরা ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বাইরে থেকে বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে বাড়ির সামনের জানালাসহ বিভিন্ন স্থানের কাচ ভেঙে যায়।
জি এম কাদের বলেন, পরে পুলিশ ও অন্য লোকজন ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা চলে যান। হঠাৎ এ হামলার কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না বলেও জানান। তাঁর অভিযোগ, হামলাকারীরা তাঁকে ভারতের ও আওয়ামী লীগের দালাল বলে গালিগালাজ করেছেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, কারা এ হামলা চালিয়েছে বা কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সেখান থেকে চলে যান। তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে।
প্রতিবেদকের নাম 




















