জন্মের পরপরই নবজাতককে মায়ের শালদুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শালদুধ শিশুর জন্য সবচেয়ে বড় ভিটামিন ‘এ’-এর প্রাকৃতিক উৎস। এ বিষয়ে গণসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
রোববার (২৮ জুন) রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ খাওয়াতে হবে। এরপর বয়স অনুযায়ী পুষ্টিকর সম্পূরক খাবারের পাশাপাশি মায়ের দুধ খাওয়ানো অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, পানি, মধু, চিনি বা অন্যান্য খাবার দেওয়ার পরিবর্তে সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশের টিকাদান কার্যক্রমের মান অত্যন্ত ভালো। এ বিষয়ে ইউনিসেফের সঙ্গে একটি সম্মেলন হয়েছে। আন্তর্জাতিক পরীক্ষাগারে যাচাই-বাছাইয়ের পরই উন্নতমানের টিকা সংগ্রহ করা হয়েছে, তাই টিকা নিরাপদ ও মানসম্মত।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এই কার্যক্রম সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে, কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়। কেউ প্রথম দিনে নিতে না পারলে পরের দিন, কিংবা পরবর্তী দিনগুলোতে ক্যাপসুল খাওয়ানো হবে, যাতে কোনো শিশু বাদ না পড়ে।
তিনি বলেন, ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংগ্রহ করা হয়েছে। বর্তমানে লাল ও নীল মিলিয়ে মোট ২ কোটি ৬০ লাখ ক্যাপসুল মজুত রয়েছে। এর মধ্যে আজকের ক্যাম্পেইনে বয়সভিত্তিক শিশুদের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য ১ লাখ আইইউ নীল রঙের ৩৫ লাখ ৪ হাজার ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ২ লাখ আইইউ লাল রঙের ২ কোটি ২০ লাখ ৩১ হাজার ক্যাপসুল দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আজ ২ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রতিবেদকের নাম 




















