দেশের তরুণ প্রজন্ম এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি ও শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৭ অক্টোবর) বঙ্গভবনে ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর ৩৮ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংগঠনটির আহ্বায়ক লুকমান শারীফ ও সদস্য সচিব ডা. তাহমিদ আহমেদ।
রাষ্ট্রপতি বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা না গেলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি বাধাগ্রস্ত হবে। মাদকের কারণে বহু তরুণের সম্ভাবনাময় জীবন নষ্ট হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।
তিনি আরও বলেন, কোনো জনপদকে সমৃদ্ধ করতে হলে ওই অঞ্চলের মানুষকে জাগিয়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন ও মানুষের কল্যাণে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















