আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে আইনি লড়াই করতে আবেদন করেছেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে সি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বার কাউন্সিলে তার আবেদন জমা দেওয়া হয়।
জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। এই মামলায় আজ রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন।
গত ৩০ সেপ্টেম্বর মামলার ১৫তম সাক্ষী হিসেবে রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্তকালে সংগ্রহ করা বিভিন্ন তথ্য-উপাত্ত ও আলামতের বিস্তারিত তিনি ট্রাইব্যুনালের সামনে তুলে ধরবেন।
রাষ্ট্রপক্ষের দাবি, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কর্মকর্তার জবানবন্দি ও তাকে জেরা শেষ হওয়ার পর আসামিপক্ষ সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবে। এরপর মামলায় যুক্তিতর্কের পর্ব শুরু হবে।
মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১১ সালে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যার অভিযোগ এবং ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ রয়েছে।
/এএম
প্রতিবেদকের নাম 






















