জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। সে বিষয়ে প্রস্তুতি চলছে।’ তবে প্রধানমন্ত্রীর সফরের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু জানাননি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে রওনা হতে পারেন। সফরটি চার দিনের হওয়ার কথা রয়েছে।
এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এ আমন্ত্রণ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে টোকিও সফরের আমন্ত্রণ পৌঁছে দেন।
একই সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়।
জাপানের আমন্ত্রণের পর বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।
প্রতিবেদকের নাম 






















