ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নারী বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ঝুলন্ত নারীর পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম তন্ময়ী মন্ডল। তিনি রাজধানীর শাহবাগে অবস্থিত বারডেম হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে তিনি ওই হাসপাতালে যোগ দেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তন্ময়ী মন্ডল তার এক বান্ধবীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে একটি মোবাইল সিম সংগ্রহ করেছিলেন। এ বিষয়টিসহ ঘটনার পেছনে সম্ভাব্য বিভিন্ন কারণ খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাটি হত্যাকাণ্ড কি না, জানতে চাইলে ওসি মো. মনিরুজ্জামান বলেন, এর পেছনে কোনো রহস্য থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি নারী বাথরুমের একটি কক্ষ থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এর কয়েক ঘণ্টা আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের সামনে রক্তমাখা একটি ছুরি ও রক্তের দাগ দেখতে পাওয়া যায়। মরদেহ উদ্ধারের ঘটনা এবং ওই ছুরি ও রক্তের দাগের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।
প্রতিবেদকের নাম 


























