ঢাকার সাভারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়ে ডাকাতির ঘটনায় একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পুলিশের নীল রঙের টি-শার্ট, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার মাদারীপুরের রাজৈর থানার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের মো. উজ্জল সরদার (৩২), মাদারীপুর সদর মডেল থানার কুলপদ্দি গ্রামের মো. জুয়েল সিকদার (৩৮) এবং কালকিনি থানার খাসেরহাট গ্রামের মো. তামিম হাওলাদার (২৫)।
পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর সাভার মডেল থানার হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে বেলা ১১টার দিকে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করা হয়।
ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা প্রাইভেটকার, হাইএস ও নোয়াহ গাড়ি ব্যবহার করে ঢাকা জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন।
অভিযানে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, পুলিশের একটি নীল টি-শার্ট, একটি লোহার হাসুয়া, দুটি লোহার ছুরি, দুটি বাটন, পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ১৩ হাজার ১৬৭ টাকা, ‘জাহিদুল’ লেখা একটি নেমপ্লেট, তিনটি মানিব্যাগ ও দুটি হাতঘড়ি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার উজ্জল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় এবং তামিম হাওলাদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার তিনজনকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 
























