দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দোকানের ভেতরের আবাসিক কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর একজনকে দ্রুত উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত করা হয়েছে। বাকি দুইজনের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
স্থানীয় সূত্র জানায়, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং আগুন লাগার কারণ উদঘাটনে কাজ করছে।
এ মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
প্রতিবেদকের নাম 



















