কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি নিম্নমানের ও বিভ্রান্তিকর ভিডিওর বিস্তার ঠেকাতে নতুন মনিটাইজেশন নীতিমালা ঘোষণা করেছে বিশ্বের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট ধরনের এআই-নির্ভর ভিডিও থেকে আর ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP)-এর মাধ্যমে আয় করা যাবে না।
ইউটিউব জানিয়েছে, প্ল্যাটফর্মে মৌলিক, সৃজনশীল ও তথ্যভিত্তিক কনটেন্টকে উৎসাহিত করতে এবং নিম্নমানের পুনরাবৃত্তিমূলক ভিডিওর বিস্তার রোধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নীতিমালায় তিন ধরনের ভিডিওকে ‘ইন-অথেনটিক (অপ্রামাণ্য) কনটেন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বারবার একই ধরনের এআই-নির্ভর ভিডিও, দর্শকদের আবেগ প্রভাবিত বা বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি কনটেন্ট এবং স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি কিংবা আইনি পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে মানবসদৃশ এআই চরিত্র ব্যবহার করে তৈরি ভিডিও।
ইউটিউবের ভাষ্য, সাম্প্রতিক সময়ে এআই ব্যবহার করে বিপুল পরিমাণ নিম্নমানের ভিডিও প্রকাশের প্রবণতা বেড়েছে। এতে প্ল্যাটফর্মের মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দর্শকের অভিজ্ঞতা এবং বিজ্ঞাপনদাতাদের আস্থাও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই এখন থেকে দর্শকদের জন্য প্রকৃত মূল্য সৃষ্টি করে এমন মৌলিক ও নির্ভরযোগ্য কনটেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
তবে ইউটিউব স্পষ্ট করেছে, এআই ব্যবহার করে তৈরি সব ধরনের ভিডিও মনিটাইজেশন থেকে বাদ দেওয়া হচ্ছে না। যেসব ভিডিও মৌলিক, তথ্যসমৃদ্ধ এবং ইউটিউবের নীতিমালা মেনে তৈরি করা হবে, সেগুলো আগের মতোই আয়ের সুযোগ পেতে পারে।
নতুন এ নীতিমালার ফলে এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি করা নির্মাতাদের এখন থেকে ভিডিও তৈরিতে মৌলিকতা, তথ্যের নির্ভুলতা এবং মানসম্পন্ন উপস্থাপনার দিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।
প্রতিবেদকের নাম 



















