পরাজিত শক্তির মদদে দেশে নানা ধরনের নাশকতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, দুর্গাপূজায় নাশকতা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে কারা তৎপর, তা সবার জানা। তারা অতীতেও সক্রিয় ছিল, এখনো সক্রিয় রয়েছে।
দলের নেতাকর্মীদের সহিষ্ণুতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে রিজভী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পরামর্শ দেন। তিনি বলেন, রাতারাতি বড়লোক হওয়ার জন্য তাঁরা রাজনীতি করেননি। সার ডিলারশিপ ও ঠিকাদারি পাওয়ার জন্য দীর্ঘদিনের সংগ্রাম বিসর্জন দিলে বড় কোনো অর্জন সম্ভব হবে না।
রিজভী আরও বলেন, সংকটের মধ্যেও সরকার মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। সরকার নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনা অব্যাহত রাখলে বিদ্যমান সংকটগুলোর সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
প্রতিবেদকের নাম 




















