বরিশাল–ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসযাত্রী এবং ট্রাকের চালক ও হেলপার রয়েছেন।
শনিবার (৪ জুলাই) সকালে ঘটনাটি ঘটে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বরগুনার পাথরঘাটাগামী ‘আলিফ পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর বাসের ৫ জন যাত্রীসহ ট্রাকের চালক ও হেলপার আহত হন।
পরে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
গৌরনদী হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ মোহসীন জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালানো হয় এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















