ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বসানো হয়েছে তিন শতাধিক ক্যামেরা এবং প্রস্তুত রাখা হয়েছে ১২টি অস্থায়ী বন্দিশিবির।
আন্দোলন ছড়িয়ে পড়া ঠেকাতে শুক্রবার রাত ১০টা থেকে দিল্লির যন্তরমন্তর ও এর আশপাশের প্রায় চার কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১০টা পর্যন্ত যন্তরমন্তর ও সংলগ্ন এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার যন্তরমন্তরে ‘মহাসমাবেশ ও বিক্ষোভ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে সিজেপি। এতে রাজধানী ও আশপাশের এলাকা ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য থেকে লোকজন অংশ নিতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ নিয়ন্ত্রণে শনিবার নয়াদিল্লির ৪৫টি মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ২৫০টি ট্রেনও বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিনকে সামনে রেখে রাজধানীতে সাধারণত ছুটির আমেজ থাকলেও সিজেপির কর্মসূচিকে ঘিরে শনিবারের পরিস্থিতি ভিন্ন। বিক্ষোভ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিবেদকের নাম 





















