ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের সময় বিজিবির টহলদলের ওপর হামলার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চোরাকারবারিদের বিরুদ্ধে। এ ঘটনায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন। বিজিবির আত্মরক্ষার্থে চালানো গুলিতে নোমান আলী (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নিহত নোমান আলী হালুয়াঘাট উপজেলার বেতপুরী গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে কিছু পণ্য আটক করে টহলদল। আটক করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে এক বিজিবি সদস্য আহত হন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়। এরপরও হামলা অব্যাহত থাকায় আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে নোমান আলী গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 
























