
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা এলাকা থেকে ২২ জন, লালবাগ থেকে ২১ জন, ওয়ারী থেকে ৫২ জন, মতিঝিল থেকে ৩৬ জন, তেজগাঁও থেকে ৫৪ জন, মিরপুর থেকে ৪১ জন, গুলশান থেকে ২১ জন, উত্তরা থেকে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৭ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি ছুরি, দুটি অ্যান্টি কাটার, একটি অটোরিকশা, একটি সিএনজি, ১৩টি মোবাইল ফোন, একটি জিপ গাড়ি, একটি চাবি, একটি ককটেল এবং পেট্রোলভর্তি সাতটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দেশীয় অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদকের নাম 




















