ভারতে চলমান ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন জায়েদ আল নাহিয়ানও ওই নৈশভোজে উপস্থিত ছিলেন না।
শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লির ভারত মণ্ডপমে ব্রিকস সম্মেলন উপলক্ষে এই নৈশভোজের আয়োজন করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, দীর্ঘ বিমানযাত্রা ও সময়ের পার্থক্যের কারণে ক্লান্ত থাকায় নৈশভোজে যোগ দেননি শি জিনপিং।
তবে নৈশভোজে অংশ না নিলেও শনিবারের অন্যান্য কর্মসূচিতে সক্রিয় ছিলেন চীনা প্রেসিডেন্ট। দুপুরে নয়াদিল্লিতে পৌঁছানোর পর তিনি ব্রিকস সম্মেলনে অংশ নেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বসেন।
নৈশভোজে পুতিনসহ অন্য নেতারা
মোদির আয়োজিত নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্যান্য সদস্য দেশের নেতারা অংশ নেন। ভারতের কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রী, লোকসভার স্পিকার এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নৈশভোজে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান উপস্থিত ছিলেন। লোকসভার স্পিকার ওম বিড়লাও এতে অংশ নেন।
এ ছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নৈশভোজে যোগ দেন।
কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন থেকে দুটি বাসে করে ভারত মণ্ডপমে যান।
মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক
দুই দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন রোববার (১৩ সেপ্টেম্বর) শেষ হওয়ার কথা রয়েছে। সম্মেলনে ১১ সদস্য দেশের নেতাদের পাশাপাশি ১০টি অংশীদার দেশের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।
সম্মেলনের শেষ দিনে সাতটি দেশের নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে নরেন্দ্র মোদির। এর আগে শনিবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ভারত-চীন সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। বৈঠকে দুই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় হয়।
সূত্র: এনডিটিভি
প্রতিবেদকের নাম 



















