ফলো-আপ চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন।
রাষ্ট্রপতিকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরে রাষ্ট্রপতির সঙ্গে পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও রয়েছেন।
জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।





















