
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির জন্য দ্রুত সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব পুরো ব্যাংক খাতে পড়বে। তাই ব্যাংকটির স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেন। তারা ব্যাংকটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।
আন্দোলনকারীরা দাবি করেন, ইসলামী ব্যাংকের পর্ষদে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট কাউকে রাখা যাবে না এবং ২০১৭ সালের আগের মালিকানা কাঠামোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বহাল করতে হবে।
তারা ২৪ ঘণ্টার মধ্যে নতুন পর্ষদ গঠনের আলটিমেটাম দিয়ে বলেন, দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে গত ১৩ জুন বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এবং ব্যাংকটির সার্বিক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের একজন নির্বাহী পরিচালকের কাছে ন্যস্ত করা হয়।
প্রতিবেদকের নাম 



















