এ বছর দেশের ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বুধবার ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী কর্তৃক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, কৃষক কার্ডের প্রাক-পাইলট কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর চলতি বছর পাইলট পর্যায়ে ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
এর মধ্যে ১ অক্টোবর ১ লাখ ৪৭ জন কৃষক কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবেন। একই দিন ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষককে কৃষক কার্ডের মুদ্রিত কপি দেওয়া হবে।
মন্ত্রী জানান, ১ অক্টোবরের অনুষ্ঠানে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে ১৩টি উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ থাকবে এবং বাকি ৬৪ উপজেলাও ভার্চুয়ালি যুক্ত থাকবে।
চলতি বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪৩ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। পাশাপাশি আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের সব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ কেনায় সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি সহায়তা আরও সহজে ও সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।
এ সময় কৃষি সচিব মো. সেলিম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















