চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী হাইড্রোলিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী ‘আল-আরাফাহ পরিবহণ’-এর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয় এবং আরও অন্তত ১৫ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 



















