পাকিস্তানের করাচিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। জনদুর্ভোগ কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভির জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরের প্রধান সড়ক, মোড় ও চত্বরগুলোতে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও মিছিলের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি সাধারণ মানুষের চলাচল, জরুরি সেবা এবং হাসপাতালে যাতায়াত ব্যাহত হচ্ছে।
নিষেধাজ্ঞার আওতায় করাচি বিভাগের বিভিন্ন এলাকায় প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, মিছিল এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জনশান্তি বজায় রাখা, নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবার যান চলাচল স্বাভাবিক রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রাজনৈতিক উত্তেজনার মধ্যে সিদ্ধান্ত
পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই করাচিতে এ নিষেধাজ্ঞা জারি করা হলো। খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি এবং প্রদেশটির মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা সোহেল আফ্রিদিকে গ্রেপ্তারের পর দেশটির রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে।
এ ছাড়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন।
প্রতিবেদকের নাম 




















