নোয়াখালীর বেগমগঞ্জে একটি মুদি দোকানে ঢুকে ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে মিজানকে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। শনিবার (১৭ অক্টোবর) রাতে আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার সময় নিজের মুদি দোকানে বেচাকেনায় ব্যস্ত ছিলেন মিজান। এ সময় মুখোশ পরা ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছোড়ে। এতে তাঁর পেটের বাম পাশে, বাম হাতে ও বাম পায়ে গুলি লাগে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মিজানকে ঢাকায় নেওয়া হয়।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
এদিকে স্থানীয়দের দাবি, আহত ব্যবসায়ী মিজান জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
প্রতিবেদকের নাম 


























