বলিউড অভিনেতা অর্জুন কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এবার নতুন এক নামকে ঘিরে জোরালো হচ্ছে তার প্রেমের গুঞ্জন। অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর সাহিবা বালির সঙ্গে অর্জুন কাপুরকে একই ফ্রেমে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা।
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার উত্তেজনাপূর্ণ ওয়ানডে ম্যাচ দেখতে রোববার লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অর্জুন কাপুর। আর তার পাশের আসনেই বসেছিলেন সাহিবা বালি। তাদের সঙ্গে ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংও।
স্টেডিয়ামের গ্যালারিতে একসঙ্গে বসে খেলা উপভোগ করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তদের নজর কাড়ে তাদের স্বাভাবিক হাসি-আড্ডা ও ঘনিষ্ঠ মুহূর্তগুলো।
শুধু তাই নয়, দুজনের পোশাকেও দেখা গেছে মিল। অর্জুন ও সাহিবা—দুজনকেই একই নীল রঙের পোশাকে দেখা যায়। বিষয়টি আরও বাড়িয়ে দিয়েছে তাদের সম্পর্ক নিয়ে চলা জল্পনা। অনেকেই প্রশ্ন তুলছেন, তাদের এই ঘনিষ্ঠতা কি শুধুই বন্ধুত্ব, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সম্পর্কের গল্প?
তবে লর্ডসের এই ঘটনা প্রথম নয়। এর আগেও অর্জুনের জন্মদিনে সাহিবা বালি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন। মজার ছলে তিনি লিখেছিলেন, “শুভ জন্মদিন সকলের সবচেয়ে প্রিয় বন্ধু… আর ওজন কমানো বন্ধ করো, একটু কেক খাও।”
সাহিবার সেই পোস্টের জবাবে অর্জুনও লিখেছিলেন, “তোমার জন্য অপেক্ষা করছি।” তাদের এই কথোপকথন তখন থেকেই ভক্তদের নজরে আসে এবং দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।
যদিও অর্জুন কাপুর ও সাহিবা বালি কেউই তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে লর্ডসের গ্যালারিতে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর বলিউডে নতুন প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
প্রতিবেদকের নাম 




















