জীবিকার সন্ধানে Saudi Arabia-এ গিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক। তার নাম রুবেল মন্ডল (২১)। এ ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ রুবেল মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, চলতি বছরের ২৭ জানুয়ারি তিনি স্থানীয় এক দালালের মাধ্যমে কাজের উদ্দেশ্যে বিদেশে যান। সেখানে তিনি Mecca শহরের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন।
পরিবারের দাবি, বিদেশে যাওয়ার পর নিয়মিতই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন রুবেল এবং উপার্জিত অর্থও দেশে পাঠাতেন। তবে গত ১৬ এপ্রিল বিকেল থেকে হঠাৎ করেই তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রুবেলের মা মনোয়ারা বেগম বলেন, সর্বশেষ ওই দিন বিকেলে ভিডিও কলে কথা হয়েছিল। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তিনি সরকারের কাছে দ্রুত তার ছেলেকে খুঁজে বের করার দাবি জানান।
রুবেলের বড় ভাই জানান, দীর্ঘদিন ধরে কোনো খোঁজ না পাওয়ায় পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 




















