পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে আক্তার নামে এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে দেবোত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিচে অবস্থিত আকুল স্টোরের ওপর পড়ছিল। পানি পড়া বন্ধ করতে শাহাদাৎ ছাদে ওঠেন। এ সময় পা পিছলে তিনি নিচে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে যান এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর তাকে উদ্ধার করতে গেলে সিটি কাপড়ের দোকানের ব্যবসায়ী আক্তারও বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
পরে শাহাদাতের মরদেহ তার নিজ বাড়ি কদমডেঙা গ্রামে পৌঁছে দেওয়া হয়। আহত আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত শাহাদাৎ দেবোত্তর বাজারের আকুল স্টোরের কর্মচারী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বাজারের ব্যবসায়ী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা বাজার এলাকায় ঝুলে থাকা ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ও নিরাপত্তাহীন অবকাঠামোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 


























