গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে। শ্রেণিকক্ষে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শের চেষ্টা এবং ক্লাস শেষে খাতা দেখার কথা বলে একা যেতে বলাসহ বিভিন্ন অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
অভিযোগের প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন ছাত্রীরা। অভিযুক্ত শিক্ষকের শাস্তি ও বদলির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে শ্রেণিকক্ষে ফিরে যায় শিক্ষার্থীরা।
সাময়িক বরখাস্ত শিক্ষক
মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফারুকুজ্জামান ফারুক বিদ্যালয়টির বিজ্ঞান বিষয়ের শিক্ষক। অভিযোগ ওঠার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার জানান, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শাস্তির দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ
শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর বিদ্যালয় ও আশপাশের এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষাঙ্গনে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
প্রতিবেদকের নাম 


























