শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে স্কাউটিংয়ের উন্নয়নে একটি পৃথক স্কিম গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের অভিনন্দনপত্র, মেডেল ও ২ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, মাদকমুক্ত ও নৈতিক গুণসম্পন্ন জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও দক্ষতা উন্নয়নে খেলাধুলা ও কারিগরি শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে জনসেবা, নেতৃত্ব, মানুষের প্রতি ভালোবাসা ও দেশের জন্য আত্মত্যাগের শিক্ষা পাওয়া যায়। যারা বর্তমানে স্কাউটিং করছে, ভবিষ্যতে তারাই নেতৃত্বের আসনে বসবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিতে পারবে। এ জন্য নতুন প্রজন্মের ওপর সরকার আস্থা রাখছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।
প্রতিবেদকের নাম 



















