
জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের দাবি, প্রত্যাশা ও করণীয় বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায্যতা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে। বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এ সময় জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষেও বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসির প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্লেনারি অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বক্তব্য দেবেন।
এদিকে বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে আয়োজিত ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এ অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
এ সময় বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল উল্দ শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ।
এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের এই অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ, ন্যায্য জলবায়ু অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
প্রতিবেদকের নাম 
























