ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এর আগে গত ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এক পত্রের মাধ্যমে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের নির্দেশনা জারি করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের কমিটি বাতিলের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন।
পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। ফলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কমিটি বাতিলের আগের নির্দেশনা বহাল থাকে।
এদিকে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসাকে নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় বরাবর পাঠানোর নির্দেশনা দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রতিবেদকের নাম 
























