ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ বিশ্বব্যাপী মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বিএফআই আইম্যাক্স-এ নতুন প্রদর্শনীর টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।
জানা গেছে, ৫০০ আসনের এই আইম্যাক্স হলে টিকিট সংগ্রহের জন্য অনলাইনে প্রায় ৪০ হাজার দর্শক অপেক্ষা করছিলেন। বিশ্বের প্রথম সম্পূর্ণ আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা চলচ্চিত্র হওয়ায় বড় পর্দায় সিনেমাটি দেখার আগ্রহ তুঙ্গে রয়েছে।
হোমারের বিখ্যাত মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমায় ম্যাট ডেমন অভিনয় করেছেন ওডিসিউসের চরিত্রে। এছাড়া রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়োঙ্গো ও শার্লিজ থেরন।
বিএফআই আইম্যাক্সে সিনেমাটি ইতোমধ্যেই নতুন রেকর্ড গড়েছে। টিকিট বিক্রি শুরুর প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ১০ লাখ ডলারের টিকিট বিক্রি হয়েছে, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ‘দ্য ওডিসি’-র আয় প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বিশ্লেষকদের ধারণা, বর্তমান গতিধারা অব্যাহত থাকলে সিনেমাটি খুব শিগগিরই ১ বিলিয়ন ডলারের বক্স অফিস ক্লাবে জায়গা করে নেবে।
প্রতিবেদকের নাম 




















