ওটিটিতে এর আগে দেখা গেলেও এবার নতুন অধ্যায়ে পা রাখছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সিনেমার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। অভিষেকেই রোমান্টিক গল্পের বদলে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার আকুলতা, সম্পর্কের টানাপোড়েন ও রহস্যে ঘেরা ক্রাইম থ্রিলারকে বেছে নিয়েছেন এই অভিনেত্রী।
মায়ের চরিত্রে পরিণীতি
নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এ একজন মায়ের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে। নয় বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেতে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেন তিনি। সন্তানকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষার পাশাপাশি চারপাশের মানুষ ও সম্পর্কের প্রতি অবিশ্বাস গল্পটিকে নিয়ে যাবে নানা অনিশ্চয়তার দিকে।
সিরিজটির কাহিনিতে একের পর এক রহস্য উন্মোচিত হওয়ার সঙ্গে তৈরি হবে নতুন প্রশ্ন। ফলে পরিণীতির চরিত্রটিও গল্পের রহস্যের কেন্দ্রবিন্দুতে থাকবে।
মুক্তি ২৪ সেপ্টেম্বর
রেন্সিল ডি’সিলভার পরিচালনায় নির্মিত সিরিজটির মুক্তির তারিখও ঘোষণা করেছে নেটফ্লিক্স। আগামী ২৪ সেপ্টেম্বর দর্শকদের সামনে আসবে ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’।
পরিণীতির পাশাপাশি সিরিজটিতে অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী।
‘চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা থ্রিলার’
পরিচালক রেন্সিল ডি’সিলভা বলেন, ‘শাক’ মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার। এখানে উন্মোচিত হওয়া প্রতিটি গোপন সত্য নতুন প্রশ্নের জন্ম দেয় এবং প্রতিটি সম্পর্কের আড়ালে বেরিয়ে আসে রহস্যের আরেকটি নতুন স্তর।
সিরিজটির মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে পরিণীতির অভিনয় দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।
প্রতিবেদকের নাম 



















